October 4, 2026, 10:48 am

নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই: শফিকুর রহমান

দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে কোনো সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে, যারা তা নিশ্চিত করতে সক্ষম।

রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে যাচ্ছে। জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সরকার জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এবং বিরোধীদেরও ভালো কাজ করতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন জামায়াত আমির।

বিমানবন্দরে দলীয় সংসদ সদস্যদের হেনস্তার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা ‘ভিত্তিহীন ও মিথ্যা’। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোও সত্য নয় বলে দাবি করেন তিনি। মেজর আখতারুজ্জামান বর্তমানে নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের কণ্ঠস্বর বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

আইন প্রয়োগে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের সঙ্গে নির্মম আচরণ করা হচ্ছে। মেজর আখতারুজ্জামানকে হাতকড়া পরানোর বিষয়ে তিনি ডিবির কাছে নিজেই আবেদন করেছিলেন বলেও উল্লেখ করেন।

সরকারের দুর্নীতি ও লুটপাটের সমালোচনা করে তিনি বলেন, জনগণের করের টাকা লুটপাট চলতে থাকলে সাধারণ মানুষ আর নীরব থাকবে না। স্বাস্থ্যসেবার দুরবস্থার কথাও তুলে ধরে তিনি বলেন, নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে না পারলে জনপ্রতিনিধিদের নৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।

চলমান ডেঙ্গু পরিস্থিতিকে ‘মহামারির সমতুল্য’ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও মানুষের জীবন রক্ষায় জামায়াত মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, নিষ্ক্রিয় থাকলে ‘ধাক্কা দিয়ে সরকারের ঘুম ভাঙিয়ে দেওয়া হবে’। জনগণের মৌলিক অধিকার ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে বিকল্প নেতৃত্ব সামনে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা