ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচে থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকতের দেওয়া সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ম্যাচের ৩০তম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটে। ৩৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। নামান ধীরের বলে শেরফানে রাদারফোর্ড কাট করতে গেলে উইকেটরক্ষক লোকেশ রাহুল ক্যাচ নেন। সঙ্গে সঙ্গে কট বিহাইন্ডের আবেদন করেন ভারতীয় ক্রিকেটাররা। অনফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে রিভিউ নেন রাদারফোর্ড।
রিপ্লেতে বল ব্যাট অতিক্রম করার সময় স্নিকোমিটারে স্পাইক দেখা যায়। এরপর থার্ড আম্পায়ার সৈকত আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না রাদারফোর্ড। মাঠেই আম্পায়ারের সঙ্গে এ নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সৈকতের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন অনেকে। ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্ত এক্সে দাবি করেন, রাদারফোর্ড আউট ছিলেন না। তার মতে, স্নিকোমিটারে ধরা পড়া শব্দটি ব্যাটে বল লাগার নয়, বরং ব্যাট প্যাডে লাগার শব্দ হতে পারে।
তবে রাদারফোর্ডের আউট নিয়ে বিতর্ক থাকলেও ম্যাচের ফলাফলে এর প্রভাব পড়েনি। ৩৫২ রানের লক্ষ্য ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের ফলে সিরিজে হোয়াইটওয়াশ এড়ায় তারা।