October 4, 2026, 10:48 am

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মদিনার মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা অত্যন্ত উদ্বেগজনক এবং ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর অগ্রহণযোগ্য আঘাত।

সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে এমন যেকোনো আগ্রাসনমূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা।

হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে। তবে এতে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তারা মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে এ ধরনের কোনো হামলা চালানোর কথা প্রত্যাখ্যান করেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা