প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দায়িত্ব পালনকালে বেপরোয়া গতির ট্রাকের চাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত চালক সজীব (৩০) এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার এই কর্মকর্তা ২০২৫ সালের ৩০ এপ্রিল প্রেষণে তৎকালীন র্যাবে যোগ দেন। বাহিনীর সাংগঠনিক রূপান্তরের পর চলতি বছরের ১৭ মে তিনি উপসহকারী পরিচালক হিসেবে এসআরবি-৭ ফেনী ক্যাম্পে দায়িত্ব নেন।
এসআরবি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মধ্যরাতে মহিপাল স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কে এসআরবির ১৫-১৬ সদস্যের একটি দল তল্লাশিচৌকি পরিচালনা করছিল। এ সময় আলমগীর হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে কার্যক্রম তদারকি করছিলেন। ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশে গিয়ে উল্টে পড়ে।
সহকর্মীরা গুরুতর আহত আলমগীরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান জানান, রাত আনুমানিক ১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আলমগীর হোসেনের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এসআরবি সদস্য আবদুল জলিল বলেন, আলমগীর হোসেন ছিলেন সজ্জন ও ধর্মপ্রাণ মানুষ। তার পাঁচ সন্তানই বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করছে।
এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় আলমগীর তার অদূরে দাঁড়িয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে দ্রুতগতির ট্রাকটি তাকে চাপা দেয়। হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন সদর দপ্তরকে জানানো হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সামরিক মর্যাদায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাকচালক সজীব নিজেও আহত হয়েছেন এবং বর্তমানে এসআরবির হেফাজতে চিকিৎসাধীন। মহাসড়কে দুর্ঘটনার ঘটনায় হাইওয়ে পুলিশ মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।