প্রতিনিধি:
ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাপান থেকে ৩০ সদস্যের একটি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এবং ঢাবি ছাত্রদলের সহযোগিতায় ‘ক্লিনিং ডে’ শীর্ষক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, ‘জাপান থেকে ৩০ সদস্যের একটি দল আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে। তারা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে। আমরা তাতে সম্মতি দিয়েছি।’
তিনি বলেন, ‘আমরা আমাদের দেশ পরিষ্কার রাখতে পারছি না, এটা কষ্টের ও দুঃখজনক বিষয়। বহির্বিশ্বও জানে, বাংলাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি প্রত্যাশিত মাত্রায় নেই। এটি আমাদের জন্য দুর্ভাগ্যের।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, ‘আমরা চাই আমাদের সব জায়গা পরিষ্কার থাকবে। অন্যের ওপর নির্ভর না করে নিজেদের জায়গা নিজেদেরই পরিষ্কার রাখতে হবে।’
শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি ডেঙ্গু পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘হলের শিক্ষার্থীরা অনেক সময় রুমে খাবার এনে উচ্ছিষ্টসহ বাটি বারান্দা বা করিডোরে রেখে দেয়। সেখানে পানি জমে মশার লার্ভা তৈরি হচ্ছে। এতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।’
পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ উল্লেখ করে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতার বোধ মানুষের ভেতর থেকেই তৈরি হতে হবে। শুধু এক দিনের জন্য নয়, বছরের ৩৬৫ দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।