বাংলাদেশ কোনো দেশের ভূরাজনৈতিক প্রতিযোগিতার ‘দাবার বোর্ড’ হতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, নিজেদের স্বার্থ ও শর্তকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্ব এগিয়ে নিতে চায় ঢাকা।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা ও অংশীদারত্ব করতে প্রস্তুত। তবে দেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রে থাকবে জনগণের স্বার্থ।
তিনি বলেন, ‘আমরা অন্য খেলোয়াড়দের খেলার জন্য দাবার বোর্ড হতে চাই না। আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই।’
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বাংলাদেশের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশকে অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির বিষয়টি মোকাবিলা করতে হয়েছে।
জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং নতুন উৎস অনুসন্ধানের দিকে গুরুত্ব দিচ্ছে। দেশের নিজস্ব গ্যাস ও এলএনজির সম্ভাব্য উৎসগুলো অনুসন্ধানের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, জ্বালানি খাতে দেশের সক্ষমতা আরও বাড়ানো।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। এতে দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ বিষয়টিতে সহযোগিতাপূর্ণ অবস্থান ধরে রেখেছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের জন্য অংশীদার, বন্ধু, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের আয়োজন করে। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।