October 4, 2026, 11:31 am

রোগীর অ্যাম্বুলেন্সে ৬ ছাগল, চালকের কাছ থেকে চাবি নিল পৌর কর্তৃপক্ষ

প্রতিনিধি:

রোগী পরিবহনের জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনায় খুলনা ও মোংলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অ্যাম্বুলেন্সে ছাগল তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে খুলনার জিরো পয়েন্ট থেকে অ্যাম্বুলেন্সের চালক মো. শরীফুল ছয়টি ছাগল গাড়িতে তোলেন। পরে সেগুলো মোংলায় নিয়ে যাওয়া হয়। ছাগলগুলো ছিল মোংলার ব্যবসায়ী কসাই মো. রশিদের। টাকা নিয়ে চালক শরীফুল নিয়মিত অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করতেন বলেও অভিযোগ উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করে চালক শরীফুল বলেন, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটাই প্রথম। এ জন্য তিনি কোনো টাকা নেননি বলেও দাবি করেন।

ছাগল ব্যবসায়ী মো. রশিদ বলেন, তিনি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসেন। সেখানে কোনো গাড়ি না পেয়ে অ্যাম্বুলেন্সটি থামিয়ে ছয়টি ছাগল মোংলায় নিয়ে যান। এ জন্য চালককে কোনো টাকা দেওয়া হয়নি বলেও জানান তিনি।

এদিকে ঘটনার পর শুক্রবার অ্যাম্বুলেন্সটির চালক শরীফুলের কাছ থেকে চাবি নিয়ে নেয় পৌর কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমী বলেন, ‘ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা বলছেন, রোগী পরিবহনের জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্সে পশু পরিবহনের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা