ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড ও ভাতা দেওয়ার জন্য ২০০ কোটি টাকা আলাদা করে বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, মোট ৫০০ ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হবে।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ডের সুবিধার আওতায় আনতে পরিবহন মালিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
আমিনুল হক বলেন, ইতোমধ্যে ৩০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং ভাতার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিগগিরই আরও ৯৫ জনকে তালিকায় যুক্ত করা হবে।
তিনি বলেন, ‘চার মাস পরপর ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। সেই অনুযায়ী তালিকা হালনাগাদ করা হবে। প্রতি চার মাসে কেউ বাদ পড়বেন, আবার নতুন ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হবে।’
৫০০ জনের কোটা এখনো পূরণ হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যোগ্য ও ভালো পারফরম্যান্স করা ক্রীড়াবিদ পাওয়া গেলে তাদের এই সুবিধার আওতায় আনা হবে।
এশিয়ান গেমসের ফলাফল নিয়ে আমিনুল হক বলেন, প্রাথমিকভাবে ফল হতাশাজনক হলেও তা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর সার্বিক বিষয় তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর পর অলিম্পিকে পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এশিয়ান গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্রীড়াবিদদের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।