নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর থানার গোকুলদাসবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোনার মদন থানার কাইটাল গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে কামরুল হাসান (২৯) এবং নারায়ণগঞ্জের বন্দর থানার ধামগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোকুলদাসেরবাগ এলাকার মাসুক ভূঁইয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (২৭)।
রোববার (৪ অক্টোবর) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে এসব জানান এসআরবি-১১ ।
এসআরবি জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে বড় চালান সংগ্রহ করে তারা নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলাগুলোতে বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।