October 4, 2026, 11:31 am

মৃত্যুদণ্ডের পর ১৫ বছর পলাতক, অবশেষে এসআরবির হাতে ‘গালপোড়া রঞ্জু’

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সদর থানার অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ইদ্রাকপুর ফতুল্লা স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১১।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর সিপিসি-১-এর একটি দল অভিযান চালিয়ে মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করে। তিনি মনিরুল হক রঞ্জু নামেও পরিচিত।

এসআরবি জানায়, ২০১১ সালের ১৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাঢ়া মোড় এলাকায় অটোরিকশাচালক মো. জামালকে হত্যা করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করা হয়। মামলার নম্বর ১৬(৭)/২০১১ এবং দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

পরে মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের ১ম দায়রা জজ আদালত মনিরুল ইসলাম রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। এরপর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

গ্রেপ্তার মনিরুল ইসলাম রঞ্জুর পিতার নাম মো. কবির হোসেন ওরফে মাহমুদুল হক এবং মায়ের নাম রাকিবুন্নেছা ওরফে মিসেস রুবি হক। তার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জের ২৮ আল্লামা ইকবাল রোড এবং বর্তমান ঠিকানা ১৯১ প্রেসিডেন্ট রোড, আমলাপাড়া।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১১ জানিয়েছে, গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন আলোচিত অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছে তারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা