হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে করা ‘সাজানো মামলা’ প্রত্যাহার করতে হবে। তিনি দাবি করেন, আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
তিনি আরও বলেন, বিমানবন্দরের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণেই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার দাবি, আখতারুজ্জামান যাত্রী হয়রানি, প্রবাসফেরত বাংলাদেশিদের প্রতি অবহেলা ও অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামানের ভাষা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে তিনি যে বিষয়গুলোর প্রতিবাদ করেছেন, সেগুলোর ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা। বিমানবন্দরের অনিয়ম ও যাত্রী হয়রানি আড়াল করতে তাকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়ে থাকলে তা ‘অশনি সংকেত’ বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, গত বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বকে কেন্দ্র করে বিমানবন্দরে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি, গালিগালাজ এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে।
পরে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। একই দিন নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।