বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে ‘ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, আর ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র’ শিখেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, নাম ভিন্ন হলেও আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক চরিত্রে কোনো পার্থক্য নেই। বিএনপি এখন ফ্যাসিবাদের পথেই হাঁটছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘রক্তে ভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, আগে যে চাঁদাবাজি, খুন ও দখলদারি চলত, তা এখনো বহাল রয়েছে। শুধু মানুষের নাম বদলেছে।
২০০৬ সালের ২৮ অক্টোবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৎকালীন চারদলীয় জোট সরকারের মেয়াদের শেষ দিনে জামায়াত ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান জানালেও বিএনপি তাতে রাজি হয়নি। ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গোপন আঁতাত করে ইসলামি আন্দোলন ধ্বংসের কোনো চক্রান্ত বিএনপির ছিল কি না, তা নিয়ে মানুষের মনে এখনো প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যাহার করা মামলাগুলো পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
সেমিনারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামসহ ২০০৬ সালের ২৮ অক্টোবর নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।