বিএনপি সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমানকে বসানো হয়েছে। গাড়ির চাকা ও ইঞ্জিন ঠিক না থাকলে দক্ষ চালকও গন্তব্যে পৌঁছাতে পারবেন না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণহত্যার বিচার: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনসিপির জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণবিষয়ক কমিটি এ সভার আয়োজন করে।
হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন ও সবার জন্য ন্যায়সংগত আচরণের প্রত্যাশা থাকলেও বাস্তবে শুধু ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়েছে। কেউ সংসদ সদস্য, কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন, কিন্তু রাষ্ট্রকাঠামোর পরিবর্তন হয়নি।
বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ক্ষমতাকেন্দ্রিক ব্যবসা ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির মুখে জুলাই, কিন্তু অন্তরে আওয়ামী লীগ। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার বিএনপির অনেক নেতাকর্মী এখন দলের ভেতরে গুরুত্ব পাচ্ছেন না। অন্যদিকে, নতুন করে দলে যুক্ত হওয়া একটি অংশ ব্যবসায়িক সুবিধা পাচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তিনি অভিযোগ করেন, অনেক মামলায় ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা না করে বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলাকে কেন্দ্র করে অর্থ আদায় ও আপস-বাণিজ্য হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দিতে হবে এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে। গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার, আদালতের রায় কার্যকর এবং পলাতক আসামিদের ফিরিয়ে আনারও দাবি জানান তিনি।
সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসংস্থান সৃষ্টি নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তাঁর দাবি, সরকারের ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন। কর্মসংস্থান, ডিলারশিপ বণ্টন ও সরকারি ঠিকাদারি কাজে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যরা সুবিধা পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দায়িত্বে থাকা সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, সম্পদ বৃদ্ধি ও প্রভাব খাটানোর অভিযোগও তোলেন হাসনাত। তবে বক্তব্যে এসব অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি তিনি।
বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত বলেন, দীর্ঘদিন নির্যাতন-নিপীড়নের শিকার অনেক নেতাকর্মী এখনো রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।