October 13, 2026, 3:12 pm

পরীক্ষায় অসদুপায়: রুয়েটের ১২ শিক্ষার্থী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার

প্রতিনিধি: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাগুলোও বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে ২০২১ সিরিজের দুজন, ২০২২ সিরিজের তিনজন, ২০২৪ সিরিজের চারজন এবং ২০২৫ সিরিজের তিনজন শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে পুরকৌশল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), যন্ত্রকৌশল, মেকাট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী রয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সিরিজের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের বিজোড় সেমিস্টার, ২০২২ সিরিজের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের বিজোড় সেমিস্টার, ২০২৪ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের ব্যাকলগ এবং ২০২৫ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কারের মেয়াদ শেষ হলে পুনঃভর্তির মাধ্যমে তাঁরা আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া পরীক্ষার হল থেকে জব্দ করা মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও সামগ্রী বিশ্ববিদ্যালয়ের হেফাজতে রাখার সিদ্ধান্ত হয়েছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর এসব সামগ্রী ফেরত দেওয়া হবে।

রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধ অর্জনও জরুরি।

তিনি আরও বলেন, রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টারে অংশ নেওয়ার সুযোগ বাড়িয়ে পাঁচবার পর্যন্ত করা হয়েছে। এরপরও পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের ঘটনা উদ্বেগজনক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা