নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে আষারিয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে ইন্সপেক্টর (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে আষারিয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন প্যাকেটে থাকা যথাক্রমে ৪ কেজি, ৩ কেজি ও ২ কেজি—সর্বমোট ৯ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ফয়সাল ওরফে জুজু (২৯) ও আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. শাকিল (৩৭)।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের বিস্তার রোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মোঃ রনি মিয়া , ক্রাইম রিপোর্টার, নারায়ণগঞ্জ: