নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার একজন, সামারি ট্রায়ালের সাতজন এবং অন্যান্য মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামাদ মাহমুদ (৫২)। তিনি সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড এলাকার বাসিন্দা।
সামারি ট্রায়ালের মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উত্তর সাহেবপাড়া এলাকার মো. পারভেজ (৩৮) ও মো. উজ্জ্বল (২৬), মুক্তিনগর টায়ার গলি রোড এলাকার মো. নয়ন ভূঁইয়া (৩৮), মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মো. আশ্রাফ উদ্দিন (৩১), জামালপুরের ইসলামপুরের বাসিন্দা ও বর্তমানে সিদ্ধিরগঞ্জের লাকিবাজারের মুন্সীর অটোগ্যারেজ এলাকায় বসবাসকারী মো. ফেরদৌস (৩০), জামালপুরের দেওয়ানগঞ্জের বাসিন্দা ও একই এলাকার বাসিন্দা মো. মেহেদী হাসান (২৮) এবং জালকুড়ি মধ্যপাড়া এলাকার মো. জুয়েল (৩৬)।
এ ছাড়া অন্যান্য মামলায় সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং (ফকির বাড়ি) এলাকার মো. সাদ্দামকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: