মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :
ময়মনসিংহের ত্রিশালে পুলিশের বিশেষ অভিযানে জাহিদুল ইসলাম ওরফে ডলার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের দেওয়ানিয়া বাড়ি এলাকায় মমতাজ খলিফার বাড়ির মসজিদসংলগ্ন মুখলেছ আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম ওরফে ডলার দেওয়ানিয়া বাড়ি এলাকার বাসিন্দা। তাঁর পিতা মো. জালাল উদ্দিন। অভিযানের সময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ১৫০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদের দিকনির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে ওসি মনসুর আহম্মদ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় ত্রিশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।