মোহাম্মদ আসাদ:
জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদসহ গ্রেফতার হওয়ার ঘটনায় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১ নং ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও সদস্য সচিব বায়োজিদ আল আমান।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) উপজেলার বৈষ্ণবপাড়া এলাকা থেকে ২১৭ বোতল ভারতীয় মদ ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), সিফাত (২০), জয়দেবপুরের রুবেল মিয়া (২৭), জানকীপুর মির্ধাপাড়ার ফুরকান হোসেন (১৯) এবং লাউচাপড়া গ্রামের আমান উল্লাহ উদয় (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি-১-এর একটি টহল দল বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাইপথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম বলেন, গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আমান উল্লাহ উদয়কে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।