নিজস্ব প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণবপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ২১৭ বোতল (প্রায় ১১৪ লিটার) ভারতীয় মদ ও চোরাচালানে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বৈষ্ণবপাড়া গ্রামের মো. সুজাত মিয়া (৩৭), মো. সিফাত (২০), জয়দেবপুরের মো. রুবেল মিয়া (২৭), জানকীপুর মির্ধাপাড়ার মো. ফুরকান হোসেন (১৯) এবং লাউচাপড়া গ্রামের আমান উল্লাহ উদয় (২৭)।
এ সময় তাঁদের কাছ থেকে ৬০ বোতল আইস ভদকা (৩৭৫ মিলি), ৭৫ বোতল আইস ভদকা (৭৫০ মিলি), ২৪ বোতল রয়েল স্ট্যাগ (৩৭৫ মিলি), ১২ বোতল এসি ব্ল্যাক (৩৭৫ মিলি), ১২ বোতল ম্যাকডাওয়েলস (৭৫০ মিলি) এবং ৩৪ বোতল আইকনিক হোয়াইট (৩৭৫ মিলি) জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর এসআই (নিঃ) মো. শাহজাহানের নেতৃত্বে একটি আভিযানিক দল বকশীগঞ্জের বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাপথে এসব ভারতীয় মদ এনে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ এবং এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করে মাদক সংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।