মোহাম্মদ আসাদ:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আলো ছড়াচ্ছেন বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের একদল স্বপ্নবাজ তরুণ। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।
ট্রাস্টের জনসেবামূলক কার্যক্রমের মধ্যে সোলার প্যানেল স্থাপন অন্যতম। নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পর্যন্ত ২২টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। প্রতিটি সোলার প্যানেলের দাম ২৫ হাজার টাকার বেশি।
গত শুক্রবার (২৩ অক্টোবর) ট্রাস্টের উদ্যোগে ১৩টি সোলার প্যানেল স্থাপন করা হয়। এর আগে বিভিন্ন সময়ে আরও ৯টি প্যানেল স্থাপন করা হয়েছিল। গুরুত্বপূর্ণ স্থানে আলোর ব্যবস্থা নিশ্চিত করতেই এসব প্যানেল স্থাপন করা হয়। এ সময় ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ এম রাসেল, মনিরুজ্জামান লিমন, সজিব হোসেন জয়, আব্দুল মান্নান, রাশেদুজ্জামান, নয়ন, সেলিম, মোরাদ, নুর হোসেন, জাকির হোসেন, শুভ, রুবেল, শেখ জুমান, জাহিদুল ইসলাম সজিব, আব্রাহি ইসলাম আকাশ, দেওয়ান রাকিব ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ট্রাস্ট সূত্রে জানা যায়, নতুন স্থাপিত সোলার প্যানেলগুলোর মধ্যে রয়েছে দাড়িপুড়া চাররাস্তার মোড়, সাজিমারা, পাগলাপাড়া সামাজিক কবরস্থান, সলইমুন্ডলপাড়া মোড়, মহরবন তিন রাস্তার মোড়ের শ্রীবরদী রোড ও চৌকিদারবাড়ি অংশ, নিলক্ষিয়া বাজারের মজিদ সরকারের বাড়ির মোড় ও হাইস্কুল রোড, শাহ আলীর বাড়ির মোড়, বিনোদেরচর বাজার, বিনোদের তিন রাস্তার মোড়ের ঝালোপাড়া ও গুমের চরমুখী সড়ক, বাদল মেম্বারের বাড়ির মোড় এবং নিলক্ষিয়া কেন্দ্রীয় জামে মসজিদ।
সোলার প্যানেল স্থাপনের পাশাপাশি ট্রাস্টটি বৃক্ষরোপণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান, ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট বলেন, “মানুষের জন্য কিছু করার লক্ষ্যেই আমরা বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছি। সংগঠনের মাধ্যমে সোলার প্যানেল স্থাপন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, মাদকের বিস্তার রোধে খেলাধুলার সামগ্রী বিতরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছি। আমাদের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “নিলক্ষিয়া ইউনিয়নে আমাদের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে চাঁদা দেন। সেই অর্থ দিয়েই আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালনা করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের এসব উদ্যোগ বকশীগঞ্জ উপজেলাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
চলতি বছরের ৩০ মে ৮১ সদস্যবিশিষ্ট বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন করা হয়।