October 25, 2026, 9:39 am

দেওয়ানগঞ্জে মকতবের কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে আরবি পড়তে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অপরাধে মসজিদের ইমাম ও মকতবশিক্ষক মুছা মিয়াকে (মুছা হুজুর) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২০ সালের নভেম্বরে দেওয়ানগঞ্জের একটি মসজিদে ঘটনাটি ঘটে। তখন ভুক্তভোগীর বয়স ছিল ১৫ বছর। মুছা মিয়া ওই মসজিদে ইমামতি ও আরবি পড়ানোর দায়িত্বে ছিলেন।

অভিযোগে বলা হয়, তিনি অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে কিশোরীকে মসজিদে আটকে রাখেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। একই বছরের ডিসেম্বরেও তিনি একই ধরনের অপরাধ করেন বলে মামলায় উল্লেখ আছে।

ঘটনার পর ভুক্তভোগীর মা দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার শেষে আদালত এ রায় দিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা