July 31, 2026, 9:16 am

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে ভারত

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে ভারত

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে ভারত। নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। প্রতিবেদনে পররাষ্ট্রবিষয়ক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। কমিটির চেয়ারপারসন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

সংসদীয় কমিটি শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের অগ্রগতি জানতে চাইলে কেন্দ্রীয় সরকার এ তথ্য জানায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংকটাপন্ন পরিস্থিতিতে আশ্রয়প্রার্থীদের নিরাপদ আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের মানবিক নীতির অংশ।

ভারত সরকার স্পষ্ট করেছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা