একসময় মাঠে প্রতিপক্ষ ছিলেন লিওনেল মেসি ও কাসেমিরো। তবে এখন তারা একই দলের সদস্য। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসির সতীর্থ হয়েছেন ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো।
সংবাদ সম্মেলনে কাসেমিরো বলেন, ‘আমি সবসময় সেরাদের সঙ্গে খেলতে চেয়েছি। আর এখন ফুটবলের ঈশ্বরের সঙ্গে একই দলে খেলতে পারব— এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে!’
তিনি মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘তাকে থামানো কতটা কঠিন, তা আমি খুব ভালো করেই জানি। তিনি এমন একজন, যিনি সব অর্জনের পরও প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে চান।’
কাসেমিরো মেসির সঙ্গে খেলার সুযোগকে বিশেষ সম্মান হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘সে আমাকে অতীতে অনেক ভুগিয়েছে। কিন্তু এখন তাকে সতীর্থ হিসেবে পাওয়াটা সত্যিই অসাধারণ অনুভূতি।’
ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কারণ হিসেবে কাসেমিরো ক্লাবটির উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্যের ক্ষুধার কথা উল্লেখ করেন। তিনি বিশ্বাস করেন, মেসির নেতৃত্বে দলটি আগামী দিনে আরও বড় সাফল্য অর্জন করবে।
মাঠে মেসি ও কাসেমিরোর যুগলবন্দি দেখার অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।