July 31, 2026, 9:45 am

সিরাজুল ইসলাম: অপরাধ নির্মূলের জন্য প্রয়োজন সমাজের পরিবর্তন

সিরাজুল ইসলাম: অপরাধ নির্মূলের জন্য প্রয়োজন সমাজের পরিবর্তন

শুধু শাস্তির মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব নয়; বরং সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার পরিবর্তনই সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, একটি রাষ্ট্রের প্রকৃত চেহারা সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে তার কারাগারে।

৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরে গবেষণা গ্রন্থ ‘কারাগারে অনুসন্ধান’-এর প্রকাশনা উৎসবে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কারাগারে অনুসন্ধান গ্রন্থ সুহৃদ সমাবেশ, ঢাকা।

সিরাজুল ইসলাম চৌধুরী বইটিকে বাংলাদেশের কারাগার ব্যবস্থা ও এর ঔপনিবেশিক উত্তরাধিকার বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামোর অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে কারাগার ব্যবস্থা এখনো বহুলাংশে টিকে রয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, বইটি লৌহকপাটের আড়ালের অনেক বাস্তবতা তুলে ধরেছে। তিনি জানান, একসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সহায়তায় কারাগার সংস্কারের একটি উদ্যোগ নিয়েছিল।

বক্তারা বলেন, ‘কারাগারে অনুসন্ধান’ শুধু একটি গবেষণা গ্রন্থ নয়; এটি ঔপনিবেশিক ভারতের কারা ব্যবস্থার ইতিহাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। বইটি কারাগার সংস্কার, গবেষণা, সাংবাদিকতা এবং সাহিত্যচর্চায় দীর্ঘদিন মূল্যবান তথ্যসূত্র হিসেবে বিবেচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা