July 31, 2026, 10:42 am

পাবনার ঈশ্বরদীতে ২৩ সরকারি স্কুলের সব শিক্ষককে শোকজ নোটিশ

পাবনার ঈশ্বরদীতে ২৩ সরকারি স্কুলের সব শিক্ষককে শোকজ নোটিশ

পাবনার ঈশ্বরদী উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা এবং একাডেমিক তদারকিতে অবহেলার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহীনা আক্তার জানিয়েছেন, গত ২৬ জুলাই শোকজ নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষকদের আগামী ২ আগস্টের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শোকজপ্রাপ্ত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে— ফতেমোহাম্মদপুর, ইস্তা, মশুরিয়াপাড়া গোলাম হোসেন, মধ্য অরণকোলা, নিকরহাটা, দাশুড়িয়া, সরাইকান্দি, জোবেদা খাতুন সাবান আলী, আথাইল শিমুল, আটঘরিয়া, চরসাহাপুর, তিলকপুর, চরকুড়ুলিয়া, বাঁশেরবাদা, সুতানদ, ছলিমপুর, চরছলিমপুর, কদিমপাড়া, ৬৩ নম্বর নতুন রূপপুর, ৭৬ নম্বর জগন্নাথপুর, ৭৪ নম্বর জয়নগর এবং ৯৪ নম্বর চররূপপুর নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা রিডিং, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের মৌলিক চার প্রক্রিয়া এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি রিডিং নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হয়েছিল। কিন্তু ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৩টি বিদ্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এফএলএন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় দেখা গেছে, এসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞানে অর্জনের হার ৫০ শতাংশের নিচে রয়েছে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনা ও উদ্যোগ শিক্ষকদের দায়িত্বহীনতার কারণে ফলপ্রসূ হয়নি বলে প্রতীয়মান হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা