টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কয়েকটি পুরোনো ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
ছবিগুলোতে দেব ও শুভশ্রীকে একটি প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। একটি ছবিতে শুভশ্রীকে দেবের কোলে বসে হাস্যরসপূর্ণ মুহূর্ত ভাগ করতে দেখা যায়, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
দেব সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে লেখেন, ‘এক বছর আগে বাংলা সিনেমার ইতিহাসের সাক্ষী হয়েছিলাম আমরা। "ধূমকেতু"র ট্রেলার উন্মোচন শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল বাংলা সিনেমার অন্যতম বড় আয়োজন।’
তিনি আরও লেখেন, ‘যারা এটি সম্ভব করেছেন এবং দেব-শুভশ্রী জুটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের বিশ্বাস ও সমর্থন ধরে রাখুন, আমরা কথা দিচ্ছি, হতাশ করব না।’
উল্লেখ্য, দেব-শুভশ্রী অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ধূমকেতুর শুটিং ২০১৫ সালে শেষ হয়েছিল, তবে আইনি জটিলতায় ছবিটি দীর্ঘদিন মুক্তি পায়নি। অবশেষে ২০২৫ সালে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’, যা হবে তাদের একসঙ্গে সপ্তম কাজ।