ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানাকে অন্য পরীক্ষার্থীর হয়ে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে ছয় মাসের কারাদণ্ড ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, ২০ জুন জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অন্য একজন পরীক্ষার্থীর পরিবর্তে অংশ নিতে গিয়ে জুয়েল রানা ঢাকায় আটক হন। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন ২৯ জুলাই জুয়েল রানার বরখাস্তের আদেশ জারি করেন। রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. মোকাদ্দেস ইবনে সালাম জানান, জুয়েল রানা ২০ জুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলামের কাছ থেকে তিন দিনের ছুটি নিয়েছিলেন। তবে ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় ১৪ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ পরে জানতে পারে যে, জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তিনি আটক হয়ে কারাগারে রয়েছেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর উপজেলা শিক্ষা অফিসে যোগদান করতে গেলে তাকে বরখাস্ত করা হয়।