August 1, 2026, 9:52 am

গোপালগঞ্জে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে

গোপালগঞ্জে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি হাফেজিয়া মাদ্রাসার সাত বছর বয়সী শিক্ষার্থীকে ক্যালকুলেটর চুরির অভিযোগে মারধর করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আহম্মদ মোল্লা (৭) উপজেলার ঢালিকান্দী গ্রামের শাওন মোল্লার ছেলে। বর্তমানে সে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লা একই ইউনিয়নের কদমপুর গ্রামের মোক্তার মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার একটি ক্যালকুলেটর হারিয়ে যাওয়ার পর আহম্মদ মোল্লার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। এরপর শিক্ষক এনামুল মোল্লা তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীর বাবা শাওন মোল্লা বলেন, ‘আমার ছেলে প্রায় এক বছর ধরে এই মাদ্রাসায় পড়াশোনা করছে। এর আগে তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ওঠেনি। একটি মিথ্যা অভিযোগ এনে তাকে নির্মমভাবে পেটানো হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

তবে মাদ্রাসা পরিচালকের ভাই আমিনুল হক অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘আহম্মদকে মারধর করা হয়নি। সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে।’ মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা