August 14, 2026, 5:04 am

নিহত আইনজীবী শান্তর পরিবারের পাশে জেলা আইনজীবী সমিতি

নিহত আইনজীবী শান্তর পরিবারের পাশে জেলা আইনজীবী সমিতি

বাগেরহাটের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়ার পর তার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি। সমিতির পক্ষ থেকে নিহতের তিন সন্তান ও স্ত্রীর দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নিহত আইনজীবীর গ্রামের বাড়িতে গিয়ে সমবেদনা জানান একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসাইন। তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় হৃদয়স্পর্শী একটি মুহূর্তে অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন নিহত আইনজীবীর এক কন্যাকে কোলে নিলে আরেক কন্যা ঝাঁপ দিয়ে তার কোলে উঠে পড়ে। তিনি নিহতের স্ত্রী ও তিন কন্যার পাশে থাকার অঙ্গীকার করেন।

অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন বলেন, ‘শান্তর তিন সন্তান ও তার স্ত্রীর দায়িত্ব আমি জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ওয়াহিদুজ্জামান দিপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালনের নির্দেশে গ্রহণ করিলাম। তাদের যে কোনো প্রয়োজনে আমি এবং জেলা আইনজীবী সমিতি সর্বদা পাশে থাকবে ইনশাআল্লাহ।’

এ সময় উপস্থিত এলাকাবাসী প্রতিনিধি দলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং নিহত আইনজীবীর পরিবারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, অ্যাডভোকেট শান্তর হত্যাকাণ্ডের পর আইনজীবী মহলে শোকের ছায়া নেমে আসে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আইনজীবীরা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা