নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রুবেল (২৮), মো. আলম (৬০), মো. আসলাম (৬৫), জাহাঙ্গীর আলম (৩০), আল আমিন (২৪), মো. মিজানুর রহমান (৫২), মো. পাভেল (২৮), মো. জুয়েল (৩০), হাবুল মৃধা (২৮), মো. মাসুম (৩৫), মো. রাকিব (২২), শাকিল (২০), মো. রুপ মিয়া (৬৫), মো. কবির হোসেন (৩৫) ও মো. পারভেজ (২৪)।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সিদ্ধিরগঞ্জকে মাদকমুক্ত করতে থানা পুলিশ বদ্ধপরিকর।