September 29, 2026, 12:02 pm

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

পুলিশ জানায়, গ্রেফতার ৯ জনের মধ্যে একজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার রানা (২৪) সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় একজন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত দুজন এবং সামারি ট্রায়ালের মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার মোস্তফা মিয়াজি (৪৮) পাইনাদী এলাকার বাসিন্দা। সিআর সাজা ওয়ারেন্টভুক্তরা হলেন শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকার মো. মনোয়ার হোসেন মিলন (৪৬) ও জালকুড়ি এলাকার মো. আইয়ূব বাচ্চু।

সামারি ট্রায়ালের মামলায় গ্রেফতার পাঁচজন হলেন ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার ওসমান (২২), নয়াআটি মুক্তিনগর এলাকার ইমন (২০), লক্ষ্মীপুর এলাকার শুভ (২২), শিমরাইল এলাকার রিয়াজ (২৫) ও সুমন (২৮)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা