August 1, 2026, 10:45 am

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, বিশ্রামে থাকতে হবে ছয় সপ্তাহ

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, বিশ্রামে থাকতে হবে ছয় সপ্তাহ

‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন। চলতি বছর অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের পর তিনি একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাণাবলী ও মাইসা সিনেমার শুটিং চলাকালে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিতম্বে গুরুতর আঘাত পান রাশমিকা। দুর্ঘটনাটি ঘটে লড়াই ও নাচের দৃশ্যের শুটিংয়ের সময়।

প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতের ফলে নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু (মাসল টিয়ার) পুরোপুরি ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যা একজন অভিনেত্রীর জন্য অস্বাভাবিক।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রাশমিকাকে আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।

রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে অনুষ্ঠিত হয়। বিয়ের পর প্রথমবারের মতো তারা রাণাবলী সিনেমায় একসঙ্গে কাজ করছেন। এর আগে তাদের জুটি অর্জুন রেড্ডি, ডিয়ার কমরেড এবং গীত গোবিন্দম সিনেমায় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এটি রাশমিকার শুটিংয়ে প্রথম দুর্ঘটনা নয়। এর আগে 'সিকান্দার' সিনেমার শুটিংয়ের সময়ও তিনি পায়ে আঘাত পেয়েছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা