বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। সিনেমাটির ঘোষণা দেওয়ার পর থেকেই এর গল্প, কাস্টিং এবং শাহরুখের চরিত্র নিয়ে চলছে নানা আলোচনা। নির্মাতারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি, তবে বিভিন্ন সূত্রে নতুন তথ্য প্রকাশ পাচ্ছে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের নির্মাণে তৈরি হচ্ছে হাই-অকটেন অ্যাকশন থ্রিলার ‘কিং’। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির আগেই এটি বলিউডের অন্যতম আলোচিত প্রজেক্ট হয়ে উঠেছে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, সিনেমার গল্প একজন মেন্টর ও তার শিষ্যকে ঘিরে আবর্তিত হবে। বিপজ্জনক এক অভিযানে তাদের প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার কাহিনি তুলে ধরা হবে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
‘কিং’-এর অন্যতম আকর্ষণ হলো শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানের প্রথম একসঙ্গে অভিনয়। এটি সুহানার প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চলচ্চিত্র। ফলে বাবা-মেয়ের এই জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
এছাড়া শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। তারা এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘পাঠান’-এর মতো সফল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। সিনেমাটির কাস্টে অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় বর্মার মতো তারকারা থাকছেন।
তবে গল্প ও কাস্টিং-সংক্রান্ত এসব তথ্যের কোনোটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা। ফলে সিনেমাটি মুক্তির আগে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।