মার্কিন টেলিভিশন সিরিজ ‘নটস ল্যান্ডিং’-এর জনপ্রিয় অভিনেত্রী ডোনা মিলস ৮৫ বছর বয়সে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্ম ‘অনলি ফ্যানস’-এ অ্যাকাউন্ট খুলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডোনা মিলস দাবি করেছেন, এটি কোনো বিতর্কিত কনটেন্টের জন্য নয়, বরং দীর্ঘদিনের ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখার উদ্দেশ্যে তিনি এই উদ্যোগ নিয়েছেন।
ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে ডোনা বলেন, ‘বছরের পর বছর ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। সামাজিক যোগাযোগমাধ্যম আমাকে তাদের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করেছে। কিন্তু অনলি ফ্যানসে আরও ব্যক্তিগত ও সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।’
তিনি জানান, নতুন অ্যাকাউন্টে নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের গল্প এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করবেন।
ডোনা মিলসের এ উদ্যোগে সহযোগিতা করছে ক্রিয়েটরস আইএনসি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি বাখম্যান বলেন, ‘এটি ডোনাকে বদলে দেওয়ার চেষ্টা নয়; বরং তার দীর্ঘদিনের ভক্তদের কাছে তার ব্যক্তিত্ব ও নেপথ্যের মুহূর্তগুলো পৌঁছে দেওয়ার একটি উপায়।’
ডোনা মিলস ১৯৬৬ সালে ‘দ্য সিক্রেট স্টর্ম’ সিরিজ দিয়ে টেলিভিশনে যাত্রা শুরু করেন এবং ‘নটস ল্যান্ডিং’-এ অ্যাবি কানিংহাম চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। সাম্প্রতিক সময়ে অনলি ফ্যানসে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে হলিউডে।