July 26, 2026, 7:37 am

আইসোলেশনে রয়েছেন শাবানা আজমি, সোয়াইন ফ্লুতে আক্রান্ত

আইসোলেশনে রয়েছেন শাবানা আজমি, সোয়াইন ফ্লুতে আক্রান্ত

ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় তিনি ১০২ ডিগ্রি তীব্র জ্বরে ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শে বর্তমানে পাঁচ দিনের সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন। ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী এর ফলে চলমান ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারেননি।

শাবানা আজমি একটি ছাত্র সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় উপস্থিত থাকার কথা ছিল। সেখানে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। তবে সোয়াইন ফ্লু ধরা পড়ায় চিকিৎসক তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শাবানা আজমি জানান, অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তিনি হতাশ। তবে শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও শিক্ষার্থীদের প্রতি তার সমর্থন সবসময় থাকবে। তিনি দ্রুত সুস্থতার জন্য সবার কাছে শুভকামনা চেয়েছেন।

শাবানার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তার অনুরাগী ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সোয়াইন ফ্লু একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যার উপসর্গে সাধারণত জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শরীরে ব্যথা, মাথাব্যথা ও ক্লান্তি দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্টও হতে পারে। আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়।

শাবানা আজমি দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় রয়েছেন। ছাত্র আন্দোলন, মানবাধিকার ও নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে তিনি সরব হয়েছেন। এর আগে গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচিতে হাজারো নাগরিকের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা