চীনা অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। তার প্রতিনিধি জানিয়েছেন, তিনি একটি পুত্রসন্তানের মা হয়েছেন। তাং ওয়েই দক্ষিণ কোরিয়ার নির্মাতা কিম তে-ইয়ংয়ের সঙ্গে বিবাহিত এবং এটি তাদের দ্বিতীয় সন্তান। ২০১৬ সালে এই দম্পতির প্রথম সন্তান কন্যাসন্তান সামারের জন্ম হয়।
বুধবার, চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তাং ওয়েই। তিনি একটি আবেগঘন ছবি পোস্ট করেন, যেখানে পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে নবজাতককে স্বাগত জানিয়ে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও ছিল। ছবির ক্যাপশনে তাং লিখেছেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের নতুন যাত্রা শুরু হলো।’
তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর কয়েক মাস ধরেই আলোচনায় ছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি অনুষ্ঠানে তাকে বেবি বাম্পসহ দেখা গেলে গুঞ্জন আরও জোরালো হয়। পরে তিনি স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন।
গর্ভধারণের ঘোষণা দিয়ে তাং লিখেছিলেন, ‘আমরা ভীষণ আনন্দিত। আমাদের পরিবারে নতুন একজন সদস্য আসছে। সবাই অধীর আগ্রহে শিশুটির অপেক্ষায় আছে।’ গত মাসে হংকংয়ে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাং ওয়েই ও কিম তে-ইয়ংকে, যা তাদের দ্বিতীয় সন্তানের জন্মের সম্ভাবনা সম্পর্কে ধারণা দেয়।
১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জীবন শুরু করেন। ২০১০ সালে ‘লেট অটাম’ সিনেমার শুটিংয়ের সময় কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেমের সূত্রপাত এবং ২০১৪ সালে তাদের বিয়ে হয়। বর্তমানে দুই সন্তান নিয়ে তাদের পরিবার পূর্ণতা পেয়েছে।