July 10, 2026, 6:16 pm

যমুনা নদীর তীরে দুটি নতুন নদীবন্দর প্রতিষ্ঠার ঘোষণা

যমুনা নদীর তীরে দুটি নতুন নদীবন্দর প্রতিষ্ঠার ঘোষণা

সরকার যমুনা নদীর তীরে দুটি নতুন নদীবন্দর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো দেশের নৌপথে যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা এবং উত্তরাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধা বৃদ্ধি করা। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট নদীবন্দরকে সরকারি গেজেটের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে নদীবন্দর দুটির সীমানা নির্ধারণ এবং সংশ্লিষ্ট এলাকায় আইন কার্যকরের ঘোষণা দেয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পোর্ট অ্যাক্ট, ১৯০৮-এর ধারা ৪-এর উপধারা (১)-এর দফা (ক) এবং উপধারা (২)-এর ক্ষমতাবলে নতুন দুই নদীবন্দরের ভৌগোলিক সীমানা নির্ধারণ করা হয়েছে।

সারিয়াকান্দি নদীবন্দরের সীমানা গেজেট অনুযায়ী, এর উত্তর প্রান্ত সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটের উত্তরে হাটশেরপুর ইউনিয়নের দিঘাপাড়া ঘাট থেকে যমুনার পূর্ব তীরে অবস্থিত কাজলা ইউনিয়নের জামথল ঘাট পর্যন্ত। দক্ষিণ দিকে এর বিস্তৃতি কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট থেকে নারপালা মৌজার মূলবাড়ি এলাকা পর্যন্ত।

ধুনট নদীবন্দরের সীমানা শুরু হয়েছে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট থেকে এবং দক্ষিণ সীমানা বিস্তৃত হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকুরিয়া হাটসংলগ্ন যমুনা নদী হয়ে বগুড়ার ধুনট উপজেলার ভাতরবাড়ি ইউনিয়নের চৌবার মৌজার বেশাঘীর চর পর্যন্ত।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নদীর পূর্ব ও পশ্চিম তীরে সাধারণ ভরাকালের সর্বোচ্চ পানির সীমা থেকে স্থলভাগের দিকে ৫০ গজ পর্যন্ত এলাকা বন্দরের আওতাভুক্ত হবে। সারিয়াকান্দি নদীবন্দরের আওতায় থাকবে দিঘাপাড়া, কালিতলা, মধুরাপাড়া, জামথল ও সোনাদগা ঘাট, এবং ধুনট নদীবন্দরের আওতায় থাকবে চন্দনবাইশা, শাহরাবাড়ি ঘাটসহ অন্যান্য খাল ও নৌঘাট।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা