ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার দ্বিতীয় দফায় বৈঠক করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এই বৈঠক শেষে সংগঠনটি সরকারের কাছে তাদের মূল দাবি পূরণে ২৪ ঘণ্টার সময় দিয়েছে।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ (জেপি) নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপির পক্ষে মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ছিলেন। বৈঠক শেষে রাঙ্কা জানান, সরকার তাদের দুটি দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। সেগুলো হলো নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর বা মামলা প্রত্যাহার।
তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সরকার সময় চেয়েছে। রাঙ্কা সাংবাদিকদের বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার আগামীকাল (শনিবার) দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি শিগগিরই তাঁকে সরিয়ে দেবে।’
সাংবাদিকদের রাঙ্কা আরও জানান, সরকারের প্রতিনিধিরা বলেছেন, এই দাবির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানোর পর শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। সিজেপি তাদের এক্স পোস্টে উল্লেখ করেছে, ‘আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আর কিছু মানব না। বিষয়টি বিবেচনার জন্য সরকারকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।’
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, ‘শিক্ষার্থীদের দাবি শোনা হয়েছে। তাদেরকে পরে জানানো হবে। আমরা শনিবার আবার বৈঠক করব।’ তিনি জানান, ছাত্রদের তিনটি মূল দাবি এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য পাঁচটি পরামর্শ ছিল। শনিবার দুপুরে আবার বৈঠক হবে বলে জানিয়েছেন নাড্ডা।
বৈঠক সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, সরকার ক্ষতিপূরণ এবং মামলার বিষয়ে আলোচনা করতে চেয়েছে, তবে অন্য কোনো বিষয়ে নিশ্চয়তা দেয়নি।