ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে বিজেপি সরকার। শুক্রবার (২৪ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) এ দাবি করেছে।
বৈঠকের পর সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস সাংবাদিকদের জানান, প্রতিনিধিদল সরকারের কাছে তাদের সব দাবি পেশ করেছে। এর মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই মূল দাবি। তিনি বলেন, ‘আমাদের প্রথম দাবি হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।’
সৌরভ দাস আরও জানান, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে মামলা না করার দাবি জানানো হয়েছে।
সিজেপির তথ্য অনুযায়ী, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি মেনে নিয়েছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্র আরও সময় চেয়েছে। সৌরভ দাস বলেন, ‘সরকার আগামীকাল (শনিবার বিকাল) পর্যন্ত সময় চেয়েছে। যদি পদত্যাগ না হয়, তবে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে।’
শুক্রবার দিল্লির ভিঠাল প্যাটেল হাউসে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও সিজেপির প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিজেপির দাবি এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের প্রস্তাবগুলোর ওপর আলোচনা হয়েছে। শনিবারও (২৫ জুলাই) আলোচনা চলবে।