July 23, 2026, 6:56 pm

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

‘গডজিলা’ খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল, যিনি 'গডজিলা' সিরিজের দুটি চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১৮ বছর। মঙ্গলবার (২২ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাতে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, ভোর প্রায় ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড গাড়িটি দুই লেনের একটি সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং একটি কালভার্টে আঘাত করে। গাড়িতে থাকা দুই আরোহীর একজন ছিলেন কেলি হটল।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কেলি হটলকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা ভার্সেস কং’ চলচ্চিত্রে ‘জিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে কেলি হটলের।

জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা আমেরিকান এবং মা কোরিয়ান। জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী কেলি মৃত্যুর আগে টেক্সাস স্কুল ফর দ্য ডেফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা