ভারতের মহারাষ্ট্র শিক্ষক নিয়োগ পরীক্ষার (টিইটি) প্রশ্নফাঁস মামলার মূল অভিযুক্ত বিজেন্দ্র কুমার গুপ্তকে শনিবার (২৫ জুলাই) বিহার থেকে গ্রেপ্তার করেছে থানে সিটি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে পুনে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ভিওয়ান্ডিতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বিজেন্দ্র গুপ্ত, যিনি মহারাষ্ট্র থেকে পালিয়ে ভুয়া নাম-পরিচয়ে বিহারে বসবাস করছিলেন, তার বিরুদ্ধে একাধিক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। রাজ্য সরকার এখনও পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেনি। শিক্ষার্থী সংগঠনগুলো প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।
গত ৫ জুলাই মহারাষ্ট্র টিইটি-২০২৬ প্রশ্নফাঁসের তদন্তে গঠিত বিশেষ তদন্ত দল (এসআইটি) উত্তর প্রদেশের আগ্রাভিত্তিক একটি ছাপাখানার তিন কর্মীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রশ্নপত্র ছাপানোর সময়ই তারা সেটি ফাঁস করেছিলেন। বিজেন্দ্র গুপ্ত তখন পলাতক ছিলেন।
ডেপুটি পুলিশ কমিশনার (জোন ২) পবন বানসদ জানিয়েছেন, পুলিশ বিজেন্দ্রর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, ‘আজ সকালে আমরা তাকে বিহার থেকে গ্রেপ্তার করেছি। আমরা তাঁকে থানেতে নিয়ে আসছি।’ পুলিশ সূত্রে জানা যায়, এই ফাঁস হওয়া প্রশ্নপত্র কিনতে যারা চুক্তি করেছিলেন, তাদের মধ্যে আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসের উৎস হিসেবে আগ্রার একটি ছাপাখানা ‘মহিম পত্রন প্রাইভেট লিমিটেড’-কে চিহ্নিত করেছেন। সেখানে গোপন প্রশ্নপত্রের কপি পাচারের অভিযোগ রয়েছে। এদিকে, গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের কাছ থেকে তিনটি লাইভ কার্টিজ উদ্ধার করেছে পুলিশ, যা তদন্তকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।