August 2, 2026, 1:08 pm

ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর

ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের লক্ষ্য অর্জিত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এখন সংঘাত নয়, বরং দেশ গড়ার রাজনীতির সময় এসেছে। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)।

জহির উদ্দিন স্বপন বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, এই আন্দোলনের কৃতিত্ব দেশের জনগণের হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে আন্দোলনের নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখন সংঘাতের রাজনীতি নয়, বরং দেশ গড়ার রাজনীতি প্রয়োজন। গণতান্ত্রিক চর্চা, কার্যকর সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক দলের অর্জন নয়, এটি ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলন। তিনি সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা