August 2, 2026, 11:55 am

সাভারে আওয়ামী লীগের মশাল মিছিল, পুলিশের হাতে ধরা ৯ জন

সাভারে আওয়ামী লীগের মশাল মিছিল, পুলিশের হাতে ধরা ৯ জন

সাভারের আমিনবাজার এলাকায় শুক্রবার দিবাগত রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতুর কাছে টিমটেক্স গার্মেন্টসের সামনে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শনিবার তিন দিনের রিমান্ড আবেদন করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)।

পুলিশের দাবি, শুক্রবার রাতে প্রায় ৮০ থেকে ৯০ জন নেতা-কর্মী মশাল মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এ সময় নয়জনকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা