August 15, 2026, 3:16 am

হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ভ্যাকসিন না দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ভ্যাকসিন না দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জলাতঙ্কের (অ্যান্টি র‍্যাবিস) ভ্যাকসিন না পাওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, কুকুরে কামড়ানো এক রোগী অভিযোগ করেন যে, হাসপাতালে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও তাকে তা দেওয়া হয়নি।

অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দের সঙ্গে ফোনে কথা বলেন এবং অভিযুক্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হেদায়েতুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য তিনি সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করছেন। তবে রোগীরা যদি প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন, তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ জানান, রোগী অফিস চলাকালে হাসপাতালে আসেননি, তাই ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। পরে রোগীকে ভ্যাকসিন কিনে আনতে বলা হয়। মন্ত্রী বিষয়টি জানার পর মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে বরখাস্তের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং রোগীকে ভ্যাকসিনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় দুটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখেন এবং পরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা