দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪৭ জন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৬১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮০ জন, ময়মনসিংহে ৯২ জন, খুলনায় ৮১ জন, রংপুরে ৫২ জন এবং বরিশালে ২৫ জন ভর্তি হয়েছেন। তবে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির কোনো তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৯ হাজার ১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮৩৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ১৩৩ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৬ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মৃত্যু হয়েছে ৭৯ জনের, যা চলতি বছরের কোনো এক মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।