কুমিল্লার দাউদকান্দিতে খিরাই নদের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে ইটবোঝাই বাল্কহেডের ওপর পড়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে, যার ফলে দাউদকান্দি উপজেলা ও আশেপাশের কয়েক গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বাল্কহেডের চালক পাটোয়ারী জানান, ইটবোঝাই বাল্কহেডটি ঢাকার জিঞ্জিরা থেকে শনিবার ভোরে রওনা দেয়। সন্ধ্যা ছয়টার দিকে খিরাই নদী দিয়ে দাউদকান্দি উপজেলার খামারপাড়া বেইলি সেতুর নিচে পৌঁছালে সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। এ সময় বাল্কহেডের ১৭ শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।
বাল্কহেডের শ্রমিক কাশেম মিয়া বলেন, ঘটনার সময় তারা সাঁতরে তীরে উঠে প্রাণ রক্ষা করেন, তবে তাদের কাছে থাকা মুঠোফোন, টাকা, পোশাক, ঘুমানোর চাদরসহ বিভিন্ন সামগ্রী ভেসে গেছে।
সেতু ভেঙে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে দাউদকান্দি উপজেলা ছাড়াও চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার একাধিক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।