August 1, 2026, 10:44 am

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জনের মৃত্যু

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জনের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০), যিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। অপর তিনজনের পরিচয় এখনও জানা যায়নি, তবে পুলিশ জানিয়েছে তারা পিকআপের চালক, হেলপার এবং একজন মাছ ব্যবসায়ী।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে মাছ নিয়ে কয়েকজন ব্যবসায়ী একটি পিকআপযোগে নওগাঁয় যাচ্ছিলেন। মাছ বিক্রি শেষে ফেরার পথে কাজীপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক, হেলপার ও দুই মাছ ব্যবসীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। কাহালু থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা