মালদ্বীপে মো. শেখ ফরিদ (৪৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নশা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহতের আত্মীয় মো. বাপ্পি জানান, শেখ ফরিদ প্রায় দুই বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বিষয়টি তাদের জানা রয়েছে এবং মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, প্রবাসীর মৃত্যুর বিষয়টি কেউ তাদের জানায়নি এবং তারা খবর নেবেন।