August 1, 2026, 9:53 am

দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ইডেন ভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত যুবকের নাম আসাদুজ্জামান মুন্সি (৪০)। তিনি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া গ্রামের আবু বক্কর মুন্সির ছেলে। আসাদুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী আরিফ হোসেন ফরাজি।

আরিফ হোসেন জানান, আসাদুজ্জামান সকালে কর্মস্থলে যাওয়ার পর হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের ছোট ভাই গোলাম রাব্বানী মুন্সি জানান, আসাদুজ্জামান ২০১৪ সালে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি সেখানে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন এবং ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

গোলাম রাব্বানী মুন্সি আরও জানান, পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা