ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার খড়মপুরে ১৫ বছর আগে নেওয়া ১০০ টাকার ঋণ শোধ করে সততা ও নৈতিকতার উদাহরণ স্থাপন করেছেন শামসের আলী নামে এক বৃদ্ধ। শুক্রবার (৩১ জুলাই) এই ঘটনা ঘটে।
জানা যায়, শামসের আলী প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানোর একটি বিষয়ে 'খাদেম এয়ার সার্ভিসেস'-এর স্বত্বাধিকারী এম এন এইচ খাদেম দুলালের সঙ্গে লেনদেন করেন। সে সময় ভুলবশত ১০০ টাকা কম পরিশোধ করা হয়েছিল, যা দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে তাড়না দেয়।
সম্প্রতি শামসের আলী জানতে পারেন, দুলাল খাদেম ছুটির দিনে আখাউড়ার বাড়িতে এসেছেন। তখন তিনি সেখানে গিয়ে বকেয়া ১০০ টাকা পরিশোধ করেন। শামসের আলী বলেন, "অন্যের পাওনা এক টাকা হলেও তা পরিশোধ করা আমার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।"
এ ঘটনায় আবেগাপ্লুত হয়ে দুলাল খাদেম জানান, ১৫ বছর আগের এই ঘটনা তার মনে ছিল না। তবে বৃদ্ধের সততা ও নীতিবোধ তাকে মুগ্ধ করেছে।
দুলাল খাদেম শামসের আলীর হাতে ১০০ টাকাটি আবার ফিরিয়ে দেন এবং তাকে অনুরোধ করেন, তা দিয়ে কিছু কিনে খেতে।